নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদুর রহমান জুয়েল (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের ভাই সোহেল অভিযোগ করেন, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশ নামের কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। মাদক কারবারিতে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।