তৃণমূলই ঐক্যের মূল শক্তি: সাখাওয়াত ॥ সবাইকে নিয়ে বিএনপি করার দাবি জাকির খানের
বিশেষ প্রতিবেদক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিতে দলকে আরও সুসংগঠিত করা এবং কেন্দ্র থেকে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়নে দলীয় ঐক্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্র থেকে বিএনপি সরকার গঠনের পর তৃণমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এবং সবাইকে এক সুতোয় বাঁধার অংশ হিসেবেই তিনি এই আয়োজনে শামিল হয়েছেন।
তিনি উল্লেখ করেন, বিএনপিতে সবাই এক পরিবারের সদস্যের মতো এবং এই পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকের দায়িত্ব।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত দুটি বড় চ্যালেঞ্জ বিদ্যমান। এর একটি হলো ষাটের দশকের মতো ছদ্মবেশী বা গুপ্ত কোনো দলের অপতৎপরতা প্রতিহত করা, যেন রাজপথে দলের অবস্থান দেখে বিরোধীরা সতর্ক হয়ে যায়। একই সঙ্গে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের অপ্রচার ও কটূক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। প্রবীণ ও ত্যাগী নেতাদের একত্র করে এমন সভার আয়োজন করায় তিনি আয়োজক জাকির খানকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জাকির খান বলেন, বিগত দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যেসব কমিটি বা নেতৃত্ব কাজ করেছে, সেখানে রাজপথের অনেক ত্যাগী নেতাকর্মীকে মূলধারা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় ভিত্তি শক্ত করার আহ্বান জানিয়ে বলেন, কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি পাড়া-মহল্লায় যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। অতীতে যারা ছাত্রদল ও যুবদলের রাজনীতি করে আজ জ্যেষ্ঠ নেতা হয়েছেন, তাদের প্রত্যেকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক শক্তিশালী মহানগর বিএনপি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, সাবেক যুবদল নেতা মোশারফ হোসেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু এবং বিএনপি নেতা দুল্লাল মল্লিক।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিকের সঞ্চালনায় সভায় দল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচএম হোসেন, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী রতন, সাবেক ছাত্রদল নেতা নূর হানিফ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট রাজীব মন্ডল, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কাঞ্চন আহমেদ, শাহীন আহমেদ, জেলা গার্মেন্টস শ্রমিক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন কাউসার এবং সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ, সাজু দেওয়ান, মোজাম্মেল ও বিল্লালসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।