নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে দারুল উলূম রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফ মন্ডল।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা থেকে গভীর রাত পর্যন্ত কাশীপুরের মাতবর বাড়ি এলাকায় এ মাহফিল চলে। ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফ মন্ডল ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নৈতিক সমাজ গঠনে মাদ্রাসা ও ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লির নিকট দোয়া কামনা করেন।
মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।