জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক প্রেরণার উৎস। তৎকালীন সময়ে মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যখন চরম সংকটে নিপতিত হয়েছিল, ঠিক তখনই সিপাহী-জনতার যৌথ বিপ্লবের মাধ্যমে বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। তিনি একদলীয় শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করে এ দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা করেন।”
মাজহারুল ইসলাম জোসেফ আরও বলেন, “ জিয়াউর রহমানের তৈরি করা সেই গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আজও টেকসই গণতন্ত্র ও জনমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের শপথ—শহীদ জিয়ার আদর্শ ও স্মৃতিকে পাথেয় করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেকোনো রাজনৈতিক চক্রান্ত ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাবে। নারায়ণগঞ্জের যুবসমাজকে সাথে নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।”