আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি জয় কে রায় চৌধুরী বাপ্পী বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহিমান্বিত প্রতীক। বাংলাদেশে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের উৎসব উদযাপন করে এসেছে। কোনো অপশক্তি বা চক্রান্তকারী যেন এই উৎসবের আনন্দকে স্নান করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে—সে বিষয়ে আমাদের সবাইকে কঠোর ও সতর্ক অবস্থানে থাকতে হবে।”
তিনি আরও যুক্ত করেন, “ধর্ম যার যার, দেশ সবার। পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্ভয়ে, নিশ্চিন্তে এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কোনো ধরনের উস্কানি বা নৈরাজ্য বরদাশত করা হবে না।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলেই নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা এবং সম্প্রীতির আবহে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।