বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন।
রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।
বিবৃতিতে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনটি এ দেশের মেহনতি মানুষ ও আপামর জনতার হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে।”
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাস চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। সব জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর সেই দেখানো পথ ধরেই আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের আশার আলো, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।”
বিবৃতিতে আক্তার হোসেন আরও উল্লেখ করেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমেই আজ বাংলাদেশে নতুন করে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি এবং দেশ আজ এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে।”
পরিশেষে, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল আত্মদানকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে ঐক্যের সঙ্গে দেশ গড়ার আহ্বান জানান।