নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পরিদর্শক নজরুল ইসলাম।
ডিবি পরিদর্শক নজরুল ইসলাম জানান, আটক আক্তার নূরের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবির হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার নূর নারায়ণগঞ্জের আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের প্রধান সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সহিংসতায় আক্তার নূর সক্রিয়ভাবে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আজমেরী ওসমান নিজেও নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা ও অপরাধমূলক মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আজমেরী ওসমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যায়। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।