আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রীশ্রী সত্যধাম মন্দিরের অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় উৎসব মুখর পরিবেশে এই বস্ত্র বিতরণ কর্মসূচির (১ম দিন) আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল। বস্ত্র বিতরণকালে তিনি বলেন, “দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন এক মহা মিলনোৎসব। পূজার আসল আনন্দ লুকিয়ে থাকে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে। আজ অনাথ শিশুদের মুখে যে সুন্দর হাসিটি দেখতে পাচ্ছি, সেটাই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা। আমরা চাই প্রতিটি শিশু যেন নতুন জামা গায়ে দিয়ে পূজার আনন্দ উদযাপন করতে পারে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই ধারা বজায় রেখে আমরা আগামীতেও মানবসেবায় সবসময় পাশে থাকব।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ, যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস এবং মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্পণ দাস, বিপ্লব কুণ্ডু, মিঠুন দত্ত বিল্লু, প্রণয় সিং, কিশোর দাস ও প্রদীপ কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রথম দিনের এই বস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনগুলোতেও সেবামূলক এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।