শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন এবং শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’য় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংবিধান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধান সংস্কার কমিটি নাকি কোনো সংবিধানে লেখা নেই বলে কথা উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, যদি এটি সংবিধানে না-ই থেকে থাকে, তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে নেই। কারণ সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। তিনি আরও মন্তব্য করেন, সংবিধান অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রীর লন্ডনে আর তাদের নেতাকর্মীদের থাকার কথা ছিল ধানক্ষেতে।
এনসিপি’র এই শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মনে রাখতে হবে এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ও একে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ছাত্র-জনতা রাস্তায় নেমে নতুন বাংলাদেশের অভিমুখ সেট করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, আপনারা আজ মানুষের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছেন। এর মূল কারণ হচ্ছে বিএনপি সরকার বুঝতে পারছে যে বর্তমানে তাদের পায়ের তলে কোনো মাটি নেই।
উক্ত পথযাত্রায় হাসনাত আবদুল্লাহর পাশাপাশি আরও অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।