নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঐতিহাসিক শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির ও এর সার্বিক নিরাপত্তা এবং পরিচালনা সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল এবং নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক মানিক চন্দ্র সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ দিন ধরে এই মন্দিরে শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে, যা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সম্প্রতি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মন্দির পরিচালনার স্বার্থে গেটের চাবি হস্তান্তরের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রশাসক যে সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা পালন করেছেন, তার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেটের চাবি হস্তান্তরের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান পাওয়া গেলেও মন্দিরের সার্বিক নিরাপত্তা, প্রবেশাধিকার, সুষ্ঠু পরিচালনা এবং ভবিষ্যতে পূজা-পার্বণসহ সব ধরনের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে বিষয়টির একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এমতাবস্থায়, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষ, মন্দির পরিচালনার সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধি ও সনাতন ধর্মীয় সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ বৈঠক আয়োজনের মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী, শান্তিপূর্ণ ও আইনানুগ সমাধান করতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসকের নিকট জোর দাবি জানানো হয়েছে।