শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২৫ অক্টোবর) এ পরিদর্শন করেন তাঁরা। এ সময় তাঁরা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবারণা পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিদর্শনকালে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। আবহমানকাল ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের শিক্ষা হলো আত্মশুদ্ধি, সংযম, ক্ষমা, শান্তি ও মানবকল্যাণের পথে এগিয়ে চলা।
জেলার সহ সভাপতি হরি সাহা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তাঁরা বৌদ্ধ সম্প্রদায়ের সর্বাঙ্গীণ মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পাশে থেকে সম্প্রীতি ও মানবতার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে, প্রবারণা পূর্ণিমার এই পুণ্যময় উপলক্ষে সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক—এই কামনা করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও নারায়নগঞ্জ কেন্দ্রীয় বুদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ বংশ ভিক্ষু, উপাধ্যক্ষ পঞধীপা ভিক্ষু, আগাছাড়া ভিক্ষু, জ্ঞানদীপ ভিক্ষু, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মি, সৌরভ দেউরী, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহসাধারণ সম্পাদক তপন চন্দ্র ধর, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, সহ সাংগঠনিক সম্পাদক গৌতম দত্ত, বন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সদর উপজেলার সম্পাদক মন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, কিশোর দাস, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদ সভাপতি তুলশী ঘোষ সহ নেতৃবৃন্দ।