বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা হাজী সাঈদ নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে এই অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় হাজী সাঈদ বলেন, “উৎপাদন, উন্নয়ন ও সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীর্ঘ পথপরিক্রমায় আজ ৪৮ বছরে পদার্পণ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই যুবসংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও এদেশের যুবসমাজকে একইভাবে অনুপ্রাণিত করে চলেছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যুবদল আজ যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলের বীরত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনেও নারায়ণগঞ্জ যুবদল যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।”
ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।”
বিবৃতির শেষে তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।