সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) বিকালে শহরের পুরাতন জিমখানা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তারেক জিয়া পরিষদ এ দোয়ার আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তারেক জিয়া তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সাব্বির আহমেদ শহিদ ও বিশেষ অতিথি হিসেবে তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিশির খান, নারায়ণগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী, যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী, জাহাঙ্গীর বেপারী, মো: হান্নান, পায়েল হোসেন, তফর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতৃবৃন্দের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, “ডোরাকাটা দেখলেই নিজেদের বাঘ ভাববেন না। রাজপথে কীভাবে চলতে হয় এবং জ্যেষ্ঠদের কীভাবে সম্মান দিতে হয়, তা আগে শিখুন।”
তিনি এনসিপির নেতাদের উদ্দেশ্য করে আরও বলেন, “ওদের বয়স আর কত? আমাদের বয়সের অর্ধেকও ওদের হয়নি। ছাত্রদের প্রতি সহানুভূতি ও স্নেহ আছে বলেই আমরা এখন পর্যন্ত ছাড় দিচ্ছি। কিন্তু আমাদের দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ আসলে ওরা রাজপথে নামতেই পারবে না।”
যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী বলেন, “২৪ আর ২৬ এক না। আপনার ২৪ দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণ, আপামর জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকারকে হঠানোর জন্য। বর্তমান যে সরকার আছে, এ গণতন্ত্রের সরকার, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। এই সরকার কোনো ফ্যাসিস্ট না যে বাংলাদেশের সরকার কোনো অলির গলির ডাকে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের মানুষ। এই আন্দোলন শুরু করবে, দেশকে আরও পিছিয়ে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “নিজের সুবিধার জন্য, নিজেরা দল তৈরি করলেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যারা জুলাই যুদ্ধ করেছে এখনও যারা অসুস্থ আছে তাদের খোঁজখবর পর্যন্ত আপনারা নেন না, আর আপনারা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেন। আমি বলব সময় আছে, এখনও শুধরান। যদি নিজেদের ভিতর পরিবর্তন না আনেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ অবস্থা আপনাদের হবে। ফ্যাসিস্টের পুনর্জন্ম আপনারা দিচ্ছেন।”
সভাপতির বক্তব্যে মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু বলেন, “যারা এই কমিটির বিরুদ্ধে কথা বলছেন বা ষড়যন্ত্র করছেন, তারা বিএনপির কেউ; তারা মূলত আওয়ামী লীগের দোসর ও শেখ হাসিনার প্রেতাত্মা।”
তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের তারেক জিয়া পরিষদ সবার সেরা একটি সংগঠন। সাব্বির আহমেদ শহীদসহ সবার যৌথ সহযোগিতায় এই পরিষদকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করে আমরা আগামীর দিনে দলকে এগিয়ে নিয়ে যাব।”
মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সজীব রায়, রুবেল চৌধুরী, আমিনুল ইসলাম শাহীন, মো: মানিক, মহসিন, সেলিম হোসেন প্রমুখ।