নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা দিদার খন্দকার বলেছেন, গত প্রায় ১৭টি বছর তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো। এবার তাদের ভোটাধিকার ফিরে আসতে শুরু করেছে। তাই তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বির্নিমানের জন্য, তারুণ্যের প্রথম ভোট হবে উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্র উদ্ধারে সব সময় জনগণের সাথে থাকার দল একমাত্র বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। ধানের শীষ জিতলে জিতবে বাংলাদেশ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
এক প্রশ্নের জবাবে দিদার আরও বলেন, অন্যান্য আসনে দলীয় প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে কিছুটা অসন্তুষ থাকলেও নারায়ণগঞ্জ-৫ আসনে সেটা দেখা যাচ্ছে না। কারণ, আবুল কালাম সাহেব একজন ক্লিন ইমেজের মানুষ। তাকে সবাই ভালোবাসে। আর তাই তার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকরা একাট্টা হয়ে মাঠে কাজ করছেন। নির্বাচন পর্যন্ত এমন থাকলে ইনশাআল্লাহ্, এ আসনে কালাম সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন।